অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ। প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৬০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। একই সঙ্গে রুপার দামও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
ভূরাজনৈতিক অনিশ্চয়তা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর খবরে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন। এর ফলে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।
সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৫৮৪ দশমিক ৭৪ ডলার। দিনের শুরুতেই স্বর্ণের দাম রেকর্ড ৪ হাজার ৬০০ দশমিক ৩৩ ডলারে পৌঁছায়।
এদিকে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্স ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৫ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সম্পৃক্ততা এবং ফেড চেয়ারম্যানকে ঘিরে ফৌজদারি তদন্ত—এই দুটি বিষয়ই স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করেছে।”
অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম ৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৪ দশমিক ০৬ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে রুপার দাম সর্বকালের সর্বোচ্চ ৮৪ দশমিক ৬০ ডলার স্পর্শ করে।
এছাড়া অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট প্লাটিনামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ২ হাজার ৩৪৮ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে। প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮৬৪ দশমিক ১৯ ডলারে লেনদেন হয়েছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের আর্থিক নীতিনির্ধারণী মহলে অনিশ্চয়তা অব্যাহত থাকলে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ ও রুপার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়তে পারে।
সূত্র: রয়টার্স


