অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সভা আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় অন্যান্য নির্বাচন কমিশনারদের পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সভায় দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচন-পূর্ব শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং এসব ক্ষেত্রে যৌথ বাহিনীর ভূমিকা ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।
এ ছাড়া প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর জন্য প্রণীত ‘আচরণ বিধিমালা ২০২৫’ যথাযথভাবে বাস্তবায়ন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখা এবং বিধি লঙ্ঘন রোধে করণীয় বিষয়গুলোও সভায় পর্যালোচনা করা হবে।
সভাটির গুরুত্ব বিবেচনায় সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন—
সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানগণ; প্রধান উপদেষ্টার মুখ্য সচিব; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব; সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার; মহাপুলিশ পরিদর্শক (আইজিপি); এনএসআই ও ডিজিএফআইয়ের প্রধান; কোস্টগার্ড, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার।
নির্বাচন ও গণভোট ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এই সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


