
অনলাইন ডেস্ক : অর্থ আত্মসাৎ মামলার তদন্তের স্বার্থে জাতীয় দলের ক্রিকেটার ও পতিত সরকারের সাবেক এমপি সাকিব আল হাসানসহ মোট ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
দুদক জানায়, চলমান একটি অর্থ আত্মসাৎ মামলার গুরুত্বপূর্ণ নথি ও তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। এ কারণে সাকিব আল হাসানসহ মোট ১৫ জনকে তলব করা হয়েছে। নির্ধারিত সময়ে তারা দুদক কার্যালয়ে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নেবেন।
মহাপরিচালক আক্তার হোসেন বলেন, “তদন্তের স্বার্থে যাদের প্রয়োজন মনে হয়েছে, তাদেরই নোটিশ পাঠানো হয়েছে। তদন্তকে সুষ্ঠুভাবে ও নিরপেক্ষভাবে এগিয়ে নিতে দুদক প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।”
তবে অর্থ আত্মসাৎ মামলার প্রকৃতি বা অভিযোগের বিস্তারিত বিষয়ে দুদক এখনও কোনো তথ্য জানায়নি। তদন্ত সম্পন্ন হলে বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।
দুদকের তলবকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গন ও রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।


