
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আইএসপিআর জানিয়েছে, ওসিএন্ডএস-এ পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া, কমান্ড্যান্ট বিওএফ এবং কমান্ড্যান্ট ওসিএন্ডএস।
সম্মেলনে উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়কদের উদ্দেশে বক্তৃতায় সেনাবাহিনী প্রধান কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, সেবামূলক ভূমিকা এবং দেশমাতৃকার কল্যাণে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, কোরের সদস্যরা দীর্ঘদিন ধরে দায়িত্বপালনে যে নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়ে আসছেন, তা সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে।
জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মি অর্ডন্যান্স কোরের সদস্যদের উদ্দেশে আধুনিক, যুগোপযোগী ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানান। একবিংশ শতাব্দীর জটিল নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, উচ্চমানের পেশাদারিত্ব, শৃঙ্খলা, একাগ্রতা ও দায়বদ্ধতা বজায় রেখে কোরের সদস্যদের দেশের সেবায় সর্বোচ্চ অবদান রাখতে হবে।
বার্ষিক অধিনায়ক সম্মেলনে কোরের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, লজিস্টিক ব্যবস্থাপনা এবং পেশাগত উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়। সম্মেলন শেষে কোরের সক্ষমতা বৃদ্ধিতে সার্বিক প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন সেনাবাহিনী প্রধান।


