অনলাইন ডেস্ক

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। প্রতিদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে।
বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে। এরপর ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে ইংরেজি, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার বিষয়গুলোর পরীক্ষা গ্রহণ করা হবে।
রুটিন অনুযায়ী ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হবে ২৬ এপ্রিল এবং ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষাও নির্ধারিত তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হবে। একইভাবে ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার সব বিষয়ের পরীক্ষার সময়সূচিও রুটিনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে আলাদাভাবে প্রকাশ করা হবে। এছাড়া কোনো অনিবার্য কারণে পরীক্ষার রুটিন পরিবর্তনের প্রয়োজন হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে এবং প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ), পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মধ্যে কোনো বিরতি থাকবে না।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। একই সঙ্গে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করার দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের ওপর ন্যস্ত করা হয়েছে।
বোর্ড জানিয়েছে, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এসব নম্বর ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাতে হবে।
পরীক্ষার্থীদের উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পাশাপাশি পরীক্ষার্থীকে বহুনির্বাচনি, সৃজনশীল ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
এছাড়া পরীক্ষার্থীরা কেবল নিবন্ধনপত্রে উল্লিখিত বিষয়েই পরীক্ষায় অংশ নিতে পারবে। শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন কেন্দ্রে আনতে বা ব্যবহার করতে পারবে না।
বোর্ড আরও জানিয়েছে, পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে আবেদন প্রক্রিয়া, সময়সূচি ও অন্যান্য তথ্য দৈনিক পত্রিকা এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।



