অনলাইন ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ–না ভোট’ পদ্ধতি সম্পর্কে জনগণকে অবহিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর সভাপতিত্ব করেন।
তথ্য সচিব জানান, জনগণের মধ্যে এখনো ‘হ্যাঁ–না ভোট’ পদ্ধতি নিয়ে পরিষ্কার ধারণা নেই। তাই জনসংযোগ কর্মকর্তা, আঞ্চলিক তথ্য কর্মকর্তা এবং মাঠপর্যায়ের গণযোগাযোগ কর্মীদের সচেতনতামূলক উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, “এ পদ্ধতিটি জনগণের কাছে নতুন; তাই সহজ ভাষায় ব্যাখ্যা করে ব্যালট ব্যবহারের নিয়ম ও ভোটের গুরুত্ব বোঝাতে হবে।”
তিনি আরও বলেন, সরকার আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ করার ব্যাপারে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
গত ১৫ বছরের নির্বাচন নিয়ে জনগণের তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে সচিব বলেন, এবার ভোটারদের বিশেষ করে তরুণ, নারী এবং অনগ্রসর অঞ্চলের জনগণকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত করা জরুরি। তিনি মনে করেন, যথাযথ তথ্যপ্রবাহ ও সচেতনতা বাড়াতে পারলে নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে।
মতবিনিময় সভায় নির্বাচনী যোগাযোগ কৌশল, প্রচার উপকরণ, স্থানীয় পর্যায়ের তথ্য কার্যক্রম এবং জনগণের অংশগ্রহণ বাড়ানোর নানা বিষয় নিয়ে আলোচনা হয়।


