ঢামেক প্রতিনিধি

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় তানভীর মাহমুদকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
কারা সূত্র জানায়, কারাগারে থাকা অবস্থায় তানভীর মাহমুদের শারীরিক অবস্থা অবনতি হলে রাতেই তাকে দ্রুত ঢামেকে স্থানান্তর করা হয়। তবে হাসপাতাল পৌঁছানোর কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে।
হলমার্ক কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন তানভীর মাহমুদ। তার মৃত্যুর ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ও কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানা যাবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।


