অনলাইন ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ ও মনোজ্ঞ ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বসহ বিভিন্ন স্তরের অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার পর মো. সাহাবুদ্দিন জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী বিভিন্ন বাহিনীর সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ প্রদর্শন করেন। একই সঙ্গে আকাশে মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট পরিবেশন করে বিমান বাহিনীর যুদ্ধবিমান, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
জাতীয় প্যারেড স্কয়ারের এ আয়োজনে মন্ত্রিপরিষদের সদস্য, দেশি-বিদেশি কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া জাইমা রহমানসহ বিভিন্ন বিশিষ্টজন অনুষ্ঠান উপভোগ করেন।
দিবসটি উপলক্ষে হাজারো দর্শনার্থী জাতীয় প্যারেড স্কয়ারে ভিড় করেন, যারা সরাসরি কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট উপভোগ করেন। পুরো আয়োজনে দেশাত্মবোধ ও জাতীয় গৌরবের আবহ বিরাজ করে।


