অনলাইন ডেস্ক

ঢাকা, ২৭ মার্চ ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তবে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে পারলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার এবং এর লক্ষ্য সমাজের সকল শ্রেণির মানুষের কল্যাণ নিশ্চিত করা। “আমরা চাই না সমাজের একটি অংশ ভালো থাকুক, আমরা চাই সবাইকে নিয়ে ভালো থাকতে। এটাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার,”—বলেন তিনি।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ভূমিকা ছিল অনিবার্য। প্রজন্মের পর প্রজন্ম এই ইতিহাস নিয়ে গবেষণা ও আলোচনা চলবে উল্লেখ করে তিনি বলেন, গবেষণার নামে এমন কিছু বলা উচিত নয়, যা স্বাধীনতার মূল ইতিহাসকে খাটো করে।
অতীত ও বর্তমানের ভারসাম্যের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, “অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীত ভুলে গেলে দুই চোখ অন্ধ।” গত ১৭ বছরে ইতিহাস নিয়ে অতিরিক্ত বিতর্ক দেশের প্রকৃত ইতিহাসকে আড়াল করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে শহীদ রাষ্ট্রপতির ভূমিকা খাটো করার চেষ্টা হয়েছে, তবে তার অবদান প্রমাণিত ও অনস্বীকার্য। ১৯৭২ সালের ২৬ মার্চ দৈনিক বাংলার ক্রোড়পত্রে প্রকাশিত এবং ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত ‘একটি জাতির জন্ম’ শীর্ষক প্রবন্ধের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এসব লেখার বিষয়ে তখন কোনো আপত্তি ওঠেনি।
শেষে তিনি বলেন, “যা সত্য, তা সত্যই। অনবদ্য চরিত্র লুকানোর কোনো অবকাশ নেই।”


