অনলাইন ডেস্ক

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে সীমান্তে চোরাকারবারি, অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কেবল শক্তি নয়, কৌশল ও কূটনৈতিক প্রজ্ঞার প্রয়োজন রয়েছে। সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বিজিবিকে আরও সতর্ক থাকতে হবে। পাশাপাশি সীমান্ত ব্যবহার করে যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি প্রয়োজন।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সক্রিয় চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে এবং সীমান্ত রক্ষায় বিজিবিকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে উৎসবমুখর ও গ্রহণযোগ্য করতে বিজিবির বড় দায়িত্ব রয়েছে। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে বিজিবি একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও ত্যাগের প্রশংসা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


