অনলাইন ডেস্ক

ঢাকা, ২৯ ডিসেম্বর: আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় রাতে শীত বাড়তে পারে। দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
আজ সোমবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
তাপমাত্রার দিক থেকে দেখা গেছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় শীতের অনুভূতি বজায় থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
উল্লেখ্য, কিশোরগঞ্জের নিকলীতে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস।


