ভোলা প্রতিনিধি ভোলা প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কাঠামোতে ১১তম গ্রেড নিশ্চিত করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আশা করা হচ্ছে, চলমান উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “শিক্ষকরাই প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের অবস্থার উন্নতির জন্য আমরা সবসময় কাজ করছি।”
উপদেষ্টা আরও জানান, ইতোমধ্যেই প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড প্রদান এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মর্যাদায় উন্নীতকরণ সম্ভব হয়েছে। প্রাথমিক শিক্ষকদের সামগ্রিক অবস্থার উন্নয়ন ও পদোন্নয়ন কাঠামো পুনর্বিন্যাসে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।


