অনলাইন ডেস্ক

ঢাকা, ২৭ নভেম্বর – বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেছেন, দেশের অর্থনীতির রক্তক্ষরণ চলছে এবং ব্যবসায়ী সম্প্রদায়ের কণ্ঠ সত্ত্বেও সরকার এ সংকটের প্রতি নজর দিচ্ছে না। তিনি বলেন, সরকার ব্যবসায়ীদের সমস্যার প্রতি যথাযথ মনোযোগ দিচ্ছে না। আমরা চিৎকার করলেও সরকার শুনছে না। তারা ব্যবসায়ী মহলের কেয়ার করছে না।
তিনি এই মন্তব্য করেন বৃহস্পতিবার বনানীর পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে। সেপ্টেম্বর-অক্টোবরের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআইয়ের চেয়ারম্যান জাইদী সাত্তার, এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান।
পারভেজ আরও উল্লেখ করেন, অর্থনীতির বিভিন্ন সূচক উদ্বেগজনক এবং ব্যবসায়ী সম্প্রদায়ের উৎপাদন ও বিনিয়োগ কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে। তিনি সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান, যাতে ব্যবসায়িক কার্যক্রম ও অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল রাখা যায়।


