
অনলাইন ডেস্ক : সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংককে একীভূত করার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাধারণ বিনিয়োগকারী শহিদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন এ রিট দায়ের করেন।
রিট আবেদনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিবসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, একীভূতকরণের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের স্বার্থ ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পর্যাপ্ত পর্যালোচনা ও স্টেকহোল্ডারদের মতামত নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।
রিটে পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। পাশাপাশি একীভূতকরণ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ চাওয়া হয়েছে।
হাইকোর্টে রিটটি শুনানির জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। ব্যাংকিং খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতা ও খেলাপি ঋণের চাপে সরকার যে উদ্যোগ নিয়েছে, তার প্রেক্ষাপটে এই রিটকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


