অনলাইন ডেস্ক

বিদেশে শ্রমশক্তি রফতানির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে দালাল চক্রকে দায়ী করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শ্রমশক্তি রফতানির পুরো প্রক্রিয়াই দালালদের নিয়ন্ত্রণে বন্দী। পদে পদে প্রতারণার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। এই খাতকে দালালমুক্ত করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, বিশ্বজুড়ে বর্তমানে তারুণ্যের ঘাটতি রয়েছে, আর বাংলাদেশ তারুণ্যের এক বিশাল ভাণ্ডার। “আমরা তারুণ্যের খনি—এটি সোনার চেয়েও দামী সম্পদ। সারা পৃথিবীকেই আমাদের কাছে আসতে হবে, কারণ এত বিপুল তরুণ জনশক্তি আর কোথাও নেই,”—বলেন তিনি।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীদের অধিকার সুরক্ষা, হয়রানি কমানো এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে এগোচ্ছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


