অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লাইটারেজ জাহাজকে ‘ভাসমান গুদাম’ হিসেবে ব্যবহার করে রমজানের নিত্যপণ্য মজুতের অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কর্ণফুলী নদীতে অবস্থানরত একাধিক লাইটারেজ জাহাজ তল্লাশি করা হয়।
বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, আসন্ন রমজান মাসকে সামনে রেখে আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারে সরবরাহ না করে অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের নজরদারি এড়াতে কৌশলে নদীপথেই আটকে রাখছেন। সাধারণত মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর লাইটারেজ জাহাজে করে তা বিভিন্ন নদীবন্দরে পাঠানো হয়। তবে সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে, আমদানিকারকরা পণ্য খালাসের পর তা সরবরাহ না করে লাইটারেজ জাহাজগুলোতেই দীর্ঘদিন ধরে মজুত রাখছেন।
সংশ্লিষ্টরা জানান, এ কারণে দ্বিমুখী সংকট তৈরি হচ্ছে। একদিকে বাজারে খাদ্যপণ্যের কৃত্রিম সংকট দেখা দিচ্ছে, অন্যদিকে লাইটারেজ জাহাজ আটকে থাকায় মাদার ভেসেল থেকে সময়মতো পণ্য খালাস করা যাচ্ছে না। যেখানে সাধারণত ৭ থেকে ৮ দিনের মধ্যে পণ্য খালাস সম্পন্ন হওয়ার কথা, সেখানে এখন তা ১০ থেকে ২০ দিন, এমনকি এক মাস পর্যন্ত গড়াচ্ছে।
বন্দর কর্তৃপক্ষ বলছে, এই অচলাবস্থা নিরসন এবং রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কর্ণফুলী নদীতে নিয়মিত অভিযান চালানো হবে। অভিযানে কোনো অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


