
অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীকাল ট্রাইব্যুনালে যে রায় ঘোষিত হবে, তা যাই হোক কার্যকর করা হবে। তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না।”
রবিবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, রায়কে কেন্দ্র করে সম্ভাব্য অপতৎপরতা এবং তা মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির বিষয় আলোচনা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “দেশের মানুষ শান্তি চায়। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। কেউ সহিংসতা বা ভীতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, মাঠ প্রশাসন, পুলিশ, র্যাবসহ সব বাহিনী প্রয়োজনীয় নির্দেশনা পেয়েছে। জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।


