রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় রস ছাড়াই চিনি, আটা, কেমিক্যাল ও কাপড়ের রঙ ব্যবহার করে ভেজাল গুড় তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেছে র্যাব। বুধবার সকাল সাড়ে আটটার দিকে র্যাব-৫-এর একটি দল এ অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল গুড়, চিনি ও কেমিক্যাল জব্দ করা হয়।
সরেজমিনে গেলে দেখা যায়, এলাকাটিতে অন্তত তিনটি কারখানায় আখ বা খেজুরের রস ছাড়াই গুড় তৈরি হচ্ছে। কারখানাগুলোতে প্রথমে চিনি ও কেমিক্যাল গলিয়ে তাতে কাপড় রঙ করার ডাই, আটা, হাইড্রোজ, গ্যাস পাউডার ও চুন-চিনি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করা হচ্ছে। পরে তা বিভিন্ন আকারে ঢেলে ভেজাল গুড় বানিয়ে স্থানীয় বাজারসহ রাজশাহী, নাটোর ও পাবনার বিভিন্ন পাইকারি মেকামে সরবরাহ করা হয়।
র্যাব-৫ জানায়, জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে দীর্ঘদিন ধরে এই এলাকায় ভেজাল গুড় উৎপাদন করা হচ্ছিল। অভিযানে কারখানাগুলোর দায়ীদের শনাক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
র্যাব আরও জানায়, খাদ্যে ভেজাল উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


