বুধবার, অক্টোবর ৭, ২০২৬

রাজধানীর আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

পাঠক প্রিয়

স্টাফ রিপোর্টার | ঢাকা : রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকায় অবস্থিত সব বেসরকারি ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অনিয়ম প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, নির্ধারিত এই এলাকায় যতগুলো ক্লিনিক রয়েছে, সেগুলো ধারাবাহিকভাবে পরিদর্শন করা হবে। “যেখানে যে অনিয়ম পাওয়া যাবে, সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা,”—বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এই তদারকি কার্যক্রম কোনো সাময়িক উদ্যোগ নয়; এটি চলমান প্রক্রিয়া হিসেবে দেশব্যাপী বিস্তৃত করা হবে। সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মাধ্যমে রাজধানীর বাইরে জেলা ও গ্রামাঞ্চলেও একই ধরনের পরিদর্শন চালানো হবে।

অভিযানে অনিয়ম শনাক্ত হলে প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হবে বলে জানান তিনি। প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতি থাকলে তা পূরণের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স ও মানদণ্ড পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ক্লিনিক বা হাসপাতাল বন্ধ করে দেওয়ার কথাও স্পষ্ট করেন মন্ত্রী।

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। কারও ব্যক্তিগত সুবিধার জন্য অনিয়ম সহ্য করা হবে না। সরকার এ বিষয়ে শূন্য সহিষ্ণু নীতি অনুসরণ করছে।”

সরকারের এই উদ্যোগে রাজধানীর বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরবে এবং রোগীরা আরও নিরাপদ ও মানসম্মত চিকিৎসা পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ