অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। শহরের বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী হালকা দুলুনিতে মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকায়, যা ছিল শহরকেন্দ্রিক একটি ক্ষুদ্র মাত্রার ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩।
তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ ভবন থেকে সাময়িকভাবে বের হয়ে আসে।
বিশেষজ্ঞরা জানান, স্বল্পমাত্রার এ ধরনের ভূকম্পন বড় কোনো ঝুঁকির কারণ না হলেও ভূতাত্ত্বিক চাপ সঞ্চয়ের লক্ষণ হতে পারে। তাই ভবন নির্মাণে বিধিনিষেধ মানা এবং দুর্যোগ প্রস্তুতি জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা।
পরিস্থিতি পর্যবেক্ষণে আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক রয়েছে।


