অনলাইন ডেস্ক

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বিশেষ বিক্রয় কার্যক্রম চালু করেছে দেশবন্ধু গ্রুপ। দেশের রাজধানী কারওয়ানবাজারে বৃহস্পতিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ। উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক সেবাস্টিন রেমা, দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অব. জাকির হোসেন, উপদেষ্টা কাজী হাসান আহমেদ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিওও ইদ্রিসুর রহমান, মহাব্যবস্থাপক আরিফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিক্রয় তালিকায় রয়েছে চাল, মসুর ডাল, ছোলা, চিনি, কোমলপানীয় ফ্রেন্ডসকোলা ও দেশবন্ধু ম্যাংগু ড্রিংক। দেশবন্ধু গ্রুপের কর্মকর্তারা জানান, এটি কোনো ব্যবসায়িক উদ্যোগ নয়। টিসিবি আদলে সাধারণ মানুষের সেবায় অংশ নেওয়াই মূল লক্ষ্য।
রমজান মাসজুড়ে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য বিক্রির কার্যক্রম চলবে বলে তারা জানিয়েছেন।


