অনলাইন ডেস্ক

সিলেট, শনিবার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, গত এক মাসে (রমজান) দেশের দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল এবং তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সফল হয়েছে।
শনিবার সকালে ঈদের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর।”
তিনি আরও জানান, সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত এবং যেকোনো বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা হবে। এ ক্ষেত্রে তারেক রহমান-এর নেতৃত্বে সরকারের প্রধান লক্ষ্য থাকবে জনগণের জীবনযাত্রা সহনীয় রাখা।
এ লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী সরকারি সব ধরনের নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
একই স্থানে ঈদের নামাজ আদায় করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে অনেক প্রবাসী বাংলাদেশি নানা সংকটে পড়েছেন।
মন্ত্রী জানান, “অনেকেই আহত হয়েছেন, কেউ কেউ মৃত্যুবরণ করেছেন, আবার কেউ গৃহবন্দি অবস্থায় রয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।”
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বলেও তিনি উল্লেখ করেন।


