অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে, যা মিনেসোটার মিনিয়াপোলিসে এক আইসিই কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ঘটেছে। দুই ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পোর্টল্যান্ড পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, আহত দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, তারা ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিল না; তারা ফোনে সাহায্যের অনুরোধ পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ কর্মকর্তারা গুলিবিদ্ধ এক পুরুষ ও এক নারীর রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেন এবং জরুরি চিকিৎসককে খবর দেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আহতরা গাড়ি চালিয়ে প্রায় ৪ কিলোমিটার দূরে একটি আবাসিক ভবনে পৌঁছান এবং সেখান থেকে পুলিশকে কল করেন।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, বর্ডার প্যাট্রল এজেন্টরা গুলি চালিয়েছে। এজেন্টদের দাবি, একটি গাড়ি তল্লাশির সময় ভেনেজুয়েলার এক দেহ ব্যবসায়ী চক্রের সদস্যরা তাদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, যা এজেন্টরা আত্মরক্ষার্থে প্রতিহত করেন।
পোর্টল্যান্ডের মেয়র কিথ উইলসন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, “পোর্টল্যান্ড কোনো সামরিক প্রশিক্ষণকেন্দ্র নয়। প্রশাসনের এ ধরনের পদক্ষেপ প্রাণঘাতী হতে পারে।” তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শহরে আইসিই কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।
এদিকে, মিনিয়াপোলিসে আইসিই কর্মকর্তার গুলিতে নিহত নারী রেনি নিকোল গুড (৩৭) সংক্রান্ত বিতর্ক চলছেই। হোমল্যান্ড সিকিউরিটি গুডকে ‘সহিংস দাঙ্গাকারী’ হিসেবে উল্লেখ করেছে, কিন্তু মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেছেন, “এক কর্মকর্তার ক্ষমতার অতিরিক্ত ব্যবহারের কারণে তিনি নিহত হয়েছেন।” তিনি আইসিই কর্মকর্তাদের শহর ত্যাগের নির্দেশ দিয়েছেন।
এফবিআই ও অঙ্গরাজ্য পুলিশের যৌথ তদন্তের পরিকল্পনা থাকলেও পরে এফবিআই এককভাবে তদন্ত নিয়ন্ত্রণ নিলে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ অভিযোগ করেছেন, সত্য লুকানোর উদ্দেশ্যেই এমন একতরফাভাবে তদন্ত নেওয়া হচ্ছে।
২৪ ঘণ্টার ব্যবধানে এই দুই ঘটনার পর মিনিয়াপোলিস, নিউইয়র্ক, শিকাগো ও লস অ্যাঞ্জেলেসে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। পোর্টল্যান্ডে এফবিআই কার্যালয় এবং মিনিয়াপোলিসে ফেডারেল ভবনের সামনে বিক্ষোভকারীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।
সূত্র: এএফপি, রয়টার্স


