প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা, বাংলাদেশ – দেশে ডিজিটাল পেমেন্টে নতুন দৃষ্টান্ত স্থাপন করে প্রাইম ব্যাংক পিএলসি তাদের ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘প্রাইম নাও’-এর সঙ্গে যৌথভাবে দেশের প্রথম নাম্বারবিহীন (Numberless) ডেবিট কার্ড চালু করেছে বৈশ্বিক পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ড।
সূত্রের মতে, নতুন এই কার্ডে কোনো কার্ড নম্বর, সিভিভি বা মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। ফলে কার্ড কপি, স্কিমিং বা সরাসরি দেখে তথ্য চুরি হওয়ার ঝুঁকি কার্যকরভাবে কমে যায়। শোল্ডার সার্ফিং এবং প্রচলিত জালিয়াতির ঝুঁকিও এই কার্ড ব্যবহার করে প্রায়শই প্রতিরোধ করা সম্ভব।
কার্ডের সব তথ্য নিরাপদভাবে সংরক্ষিত থাকে ‘প্রাইম নাও’ অ্যাপে। এর ফলে গ্রাহকরা মোবাইল ফোন থেকেই অনলাইন লেনদেনের জন্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে ও ব্যবহার করতে পারবেন।
গ্রাহকরা এই নতুন ডেবিট কার্ডে অ্যাপভিত্তিক পূর্ণ নিয়ন্ত্রণ উপভোগ করতে পারবেন। এতে রয়েছে নিরাপদ QR-ভিত্তিক অ্যাক্টিভেশন, ব্যয়ের সীমা নির্ধারণ, অ্যাক্সেস ব্যবস্থাপনা ও ডিজিটাল রিইস্যু সুবিধা। এমনকি কার্ড হারিয়ে গেলেও এতে কোনো ব্যবহারযোগ্য তথ্য না থাকায় অননুমোদিতভাবে কার্ড ব্যবহার করা সম্ভব হবে না।
ডেবিট কার্ড ব্যবহার করে দেশে ১০ হাজারের বেশি মাস্টারকার্ড পার্টনার মার্চেন্টে সারা বছর নানা সুবিধা পাওয়া যাবে। আধুনিক ও মিনিমাল ডিজাইনের এই কার্ডে গ্রাহকরা পছন্দমতো ডিজাইন নির্বাচন করতে পারবেন, কার্ডে নিজের নাম যুক্ত করতে পারবেন এবং এক ট্যাপেই ই-কমার্স সুবিধা চালু করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি-এর বোর্ড চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন,
“বাংলাদেশে ‘প্রাইম নাও’ নাম্বারলেস কার্ড চালুর মাধ্যমে আমরা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি। অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে কার্ডে আনা হয়েছে আধুনিক ও মার্জিত নকশা। ‘প্রাইম নাও’ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের হাতেই পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। এটি শুধু একটি কার্ড নয়; এটি ডিজিটাল-ফার্স্ট জীবনধারার দিকে এক বড় পদক্ষেপ।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন,
“নম্বরবিহীন ডেবিট কার্ডের উন্মোচন দেশের ডিজিটাল পেমেন্ট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নাম্বারলেস প্রযুক্তি লেনদেনকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে। প্রাইম ব্যাংকের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। নিরাপদ, সুবিধাজনক ও ভবিষ্যৎ-প্রস্তুত পেমেন্ট নিশ্চিত করার প্রতিশ্রুতি আমরা আরও জোরদার করছি।”
নতুন এই উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং ও নিরাপদ পেমেন্টে এক নতুন অধ্যায় শুরু হলো, যা গ্রাহকদের আধুনিক, নিরাপদ এবং সুবিধাজনক লেনদেনের অভিজ্ঞতা নিশ্চিত করবে।


