অনলাইন ডেস্ক

চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যা ও দমন–পীড়নসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন।
রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিকালে তিনি বলেন, গণঅভ্যুত্থান দমনে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিতভাবে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়, যার ফলে সহিংসতা আড়াল করা এবং সাধারণ মানুষের ওপর ব্যাপক মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়।
শুনানির সময় ট্রাইব্যুনালে উপস্থিত আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ান লিটন আহমেদ। অপরদিকে, পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম শুনানিতে অংশ নেন।
এর আগে গত ৪ ডিসেম্বর এই মামলায় ট্রাইব্যুনাল–১ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। একই সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে। অভিযোগ গঠন সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার কার্যক্রম শুরু হবে।


