অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে—যুক্তরাষ্ট্রের এমন দাবির পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের ‘তাৎক্ষণিক জীবিত থাকার প্রমাণ’ দাবি করেছেন।
ডেলসি রদ্রিগেজ বলেন, প্রেসিডেন্ট মাদুরো কিংবা তার স্ত্রী বর্তমানে কোথায় আছেন—সে বিষয়ে ভেনেজুয়েলা সরকার এখনো নিশ্চিত নয়। এই প্রেক্ষাপটে তিনি উভয়ের জীবিত থাকার প্রমাণ চেয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলার দাবির পর ভেনেজুয়েলায় দেশজুড়ে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। স্প্যানিশ ভাষায় দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সবচেয়ে বাজে আগ্রাসন’ হিসেবে আখ্যা দেন।
ভ্লাদিমির পাদ্রিনো দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী প্রেসিডেন্ট মাদুরোর নির্দেশ অনুসরণ করছে। তিনি বলেন, “তারা আমাদের ওপর আক্রমণ করেছে, কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না।”
এই ঘটনার পর ভেনেজুয়েলায় রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি ঘিরে উদ্বেগ বাড়ছে।
সূত্র: বিবিসি


