অনলাইন ডেস্ক

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদগুলোর খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানি ও উৎসব ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন বিএনপি সরকার। ঈদুল ফিতরের আগেই পর্যায়ক্রমে এই কর্মসূচি চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার (দুপুর) তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এসময় তার পাশে ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম।
মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম অঙ্গীকার ছিল মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানি ও উৎসব ভাতা প্রদান। ক্ষমতায় আসার পর সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে কিছু এলাকায় এই কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে তা সারাদেশে বিস্তৃত করা হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় তালিকা প্রণয়ন ও প্রশাসনিক প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছে, যাতে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ভাতা প্রদান নিশ্চিত করা যায়।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, শনিবার ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি একাধিক দিকনির্দেশনা দিয়েছেন।
প্রেস সচিব বলেন, তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেছেন প্রধানমন্ত্রী। অফিসে প্রবেশের আগে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। পাশাপাশি দীর্ঘদিনের কর্মজীবীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে নীতিগত বিষয়েও আলোচনা করেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় নেতাদের আর্থিক সহায়তা প্রদান সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা রাখবে।


