অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়লগ্নে প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সইয়ে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ড. শেখ আব্দুর রশীদকে (পরিচিতি নং-১৫৩০) মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তার ওই নিয়োগের অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্ত্রণালয়ের আদেশটি শনিবার থেকেই কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব দফতর ও বিভাগে অনুলিপি পাঠিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়েছিল ড. শেখ আব্দুর রশীদকে।


