অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে ভয় ও সংশয় কমে যাবে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা জানান।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কয়েদিদেরও ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। এ বছর ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার প্রবাসীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে এবং পোস্টাল ব্যালটের নিরাপত্তার ব্যাপারেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ভোটের পরিবেশ সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলসহ দেশের সবাই নির্বাচন চায় এবং দেশের মঙ্গল চায়। ভোটের দিন যত এগোবে, জনগণের মধ্যে ভয় কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
সিইসি আরও জানান, “আমাদের পোস্টাল ব্যালট মডেল আন্তর্জাতিক মানে একটি উদাহরণ হবে। যদিও কিছু ভুল-ত্রুটি থাকতে পারে, প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালট নিয়ে সন্তুষ্ট।” তিনি বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে এবং সব বাধা অতিক্রম করে ভোট উৎসব আয়োজন নিশ্চিত করা হবে।


