অনলাইন ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য ১২,৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত মেরামত ও সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসব বিদ্যালয়কে ভোটগ্রহণ-উপযোগী করতে মোট ৪১ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। চলতি সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে বিষয়টি জানানো হয়েছে।
পত্রে বলা হয়েছে, নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হবে এমন ১২ হাজার ৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কারের জন্য ৪১ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের ‘অন্যান্য ভবন ও স্থাপনা’ খাতের আওতায় এই অর্থ ব্যবহার হবে।
এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাজেটকৃত ‘অন্যান্য ভবন ও স্থাপনা’ খাতের মোট ৮০ কোটি টাকা থেকে। উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এই অর্থ উত্তোলন ও ব্যয়ের ক্ষমতা দেওয়া হয়েছে।
পাশাপাশি, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সংস্কার কাজ তদারকির দায়িত্ব পেয়েছেন বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এলজিইডির প্রকৌশলীরা।
পত্রে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের বিদ্যালয় সংস্কারের জন্য অর্থ ব্যয়ের ক্ষমতা দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এর ফলে ভোটকেন্দ্র প্রস্তুত করার কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।


