নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।
সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী বুথ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না।
এর আগে, রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। ওই নির্দেশনায় বলা হয়েছিল, শুধুমাত্র প্রিসাইডিং কর্মকর্তা, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং নির্দিষ্ট দুইজন আনসার সদস্য অ্যাপ ব্যবহারের জন্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
এই নির্দেশনার ফলে প্রার্থী ও সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি হওয়ায় সাংবাদিক সমাজে উদ্বেগ ও সমালোচনা দেখা দেয়। পরে সাংবাদিক মহলের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
সাংবাদিকদের আশ্বস্ত করে ইসি সানাউল্লাহ জানান, মোবাইল ফোন বহনে যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল, তা সাংবাদিকদের ক্ষেত্রে শিথিল করা হবে। এ বিষয়ে দ্রুত নতুন প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।


