অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলার উপকূলসংলগ্ন জলসীমা থেকে একটি বিশালাকৃতির ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তাও বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
তাদের ভাষ্য অনুযায়ী, বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ট্যাংকারটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। তবে কোন ট্যাংকার জব্দ করা হয়েছে, এতে জ্বালানি বহন করা হচ্ছিল কি না, বা জাহাজটি কোথা থেকে এসে কোথায় যাচ্ছিল— সে সম্পর্কে কোনো ধরনের তথ্য প্রকাশ করেনি প্রশাসন। এমনকি জাহাজটির নামও গোপন রাখা হয়েছে।
হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন,
“আমরা এ মাত্র ভেনেজুয়েলা উপকূলে একটি ট্যাংকার জব্দ করেছি… বড় ট্যাংকার, খুবই বড়, জব্দকৃত ট্যাংকারের মধ্যে সবচেয়ে বড়।”
তিনি আরও ইঙ্গিত দেন যে জব্দ অভিযানকে কেন্দ্র করে আরও কিছু কার্যক্রম চলছে। প্রেসিডেন্টের ভাষায়,
“অন্যকিছুও হচ্ছে। আপনারা পরে এগুলো দেখতে পারবেন। এগুলো নিয়ে পরবর্তীতে আরও কিছু মানুষের সঙ্গে কথা হবে।”
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, জব্দ করা ট্যাংকারে যদি তেল থাকে, তবে যুক্তরাষ্ট্র তা নিজেদের কাছে রেখে দেবে।
ট্যাংকার জব্দের এই ঘটনাটি যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসন এখনো পুরো ঘটনার বিস্তারিত বা আইনি ভিত্তি সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।


