অনলাইন ডেস্ক

খ্যাতনামা মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপক জেফ্রি ডি স্যাকস আশঙ্কা প্রকাশ করেছেন, ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্র ইরানের দিকে সামরিক আগ্রহ দেখাতে পারে। তিনি সতর্ক করেছেন, যদি ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়, তাহলে তা বৈশ্বিক সংঘাতের দিকে ধাবিত করতে পারে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলা বিষয়ক সাক্ষ্য দেওয়ার পর ইন্ডিয়া টুডে গ্লোবালকে দেওয়া এক সাক্ষাৎকারে জেফ্রি ডি স্যাকস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘রুলস-বেইজড অর্ডার’ ঘোষণা করলেও বাস্তবে দেশটি একটি ‘রোগ স্টেট’ হয়ে উঠেছে, যেখানে সামরিক সিদ্ধান্তগুলি সাংবিধানিক কাঠামোর বাইরে পরিচালিত হচ্ছে।
স্যাকস আরও জানান, ডোনাল্ড ট্রাম্প প্রায় আট বছর আগে লাতিন আমেরিকার নেতাদের কাছে প্রশ্ন করেছিলেন, “আমি সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালাই না কেন?”—যা নির্দেশ করে, ভেনেজুয়েলায় সামরিক অভিযান পরিকল্পনা দীর্ঘদিন আগে থেকেই শুরু হয়েছিল।
অর্থনীতিবিদ জোর দিয়ে বলেন, ইরান হতে পারে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য। তিনি সতর্ক করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান হলে পরিস্থিতি ভেনেজুয়েলার চেয়েও ভয়াবহ হবে। ইরান আধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মালিক এবং এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে বিভিন্ন বড় শক্তিগুলোর সরাসরি স্বার্থ জড়িত। তাই, যুদ্ধ শুরু হলে তা সহজেই বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে।
স্যাকস জানান, নতুন বছরের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে মার-আ-লাগোতে বৈঠক করেছেন। তিনি দাবি করেন, ওই বৈঠক থেকে ‘ইরান পরবর্তী লক্ষ্য’—এমন বার্তা বেরিয়েছে।
এই প্রেক্ষাপটে জেফ্রি স্যাকস ভারতকে নেতৃত্বে থাকা ব্রিকসভুক্ত দেশগুলোকে জাতিসংঘ সনদ রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, তা না হলে বিশ্ব এক ভয়াবহ অস্থিতিশীলতার মুখোমুখি হতে পারে।
সূত্র: ইন্ডিয়া টুডে


