অনলাইন ডেস্ক

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) আগামী জাতীয় নির্বাচনের আগে ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে একটি বিশেষ সেল চালু করেছে। এই সেল অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য শনাক্ত, যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিত করার কাজ করবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ সেলটি সার্বক্ষণিকভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করছে এবং ভুয়া খবর, উসকানিমূলক তথ্য ও বিভ্রান্তি সৃষ্টিকারী কনটেন্ট দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
এই কার্যক্রমে এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে কাজ করছে।
বিজ্ঞপ্তিতে নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা কনটেন্ট শেয়ার করার আগে এর উৎস যাচাই করতে হবে। এছাড়া সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট চোখে পড়লে তাৎক্ষণিকভাবে এনসিএসএ-কে জানাতে হবে।
সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ ২৪ ঘণ্টার হেলপলাইন সেবা চালু রেখেছে। এছাড়া অভিযোগ জমা দেওয়ার জন্য একাধিক ইমেইল ঠিকানাও নির্ধারণ করা হয়েছে:
-
গুজব, misinformation বা disinformation সংক্রান্ত অভিযোগ: report_misinfo@ncsa.gov.bd
-
ফেইক প্রোফাইল, ছবি, অডিও-ভিডিও বা ক্ষতিকর কনটেন্টের মাধ্যমে হয়রানি সংক্রান্ত অভিযোগ: report_harassment@ncsa.gov.bd
-
গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) সংক্রান্ত সাইবার হামলার অভিযোগ: report_cii@ncsa.gov.bd
-
দাপ্তরিক যোগাযোগ ও অভিযোগ: notifz@ncsa.gov.bd
-
অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগ: report_betting@ncsa.gov.bd
নাগরিকদের জন্য সরাসরি যোগাযোগের হেলপলাইন নম্বর: +৮৮০২৪১০২৪০৬০।
এনসিএসএ নাগরিকদের আহ্বান জানিয়েছে, সবাই মিলে দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ, সচেতন ও দায়িত্বশীলভাবে ব্যবহার করতে সহযোগিতা করতে হবে।


