নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২১ ডিসেম্বর – ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ সোমবার ঢাকায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শন করেছেন। তিনি ভিসা সেবার কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন এবং ভিসা আবেদনকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় অনেক আবেদনকারী জানান, তারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য মেডিকেল ভিসার আবেদন করেছেন। আইভ্যাক কর্মকর্তারা জানান, বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ও এর বিভিন্ন স্থাপনায় গত সপ্তাহে গুরুতর হুমকির পরিপ্রেক্ষিতে যমুনা ফিউচার পার্কের আইভ্যাক একদিনের জন্য বন্ধ রাখা হয়। পরে কেন্দ্রটি পুনরায় চালু করা হয়েছে এবং ওই দিনে অ্যাপয়েন্টমেন্ট থাকা সকলকে বিকল্প তারিখে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
হাইকমিশন সূত্র জানায়, গুরুতর রোগের চিকিৎসার জন্য ভারতে যাওয়া অনেক আবেদনকারীর মানবিক প্রয়োজন বিবেচনায় রেখে এবং পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও ঢাকা, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভিসা কেন্দ্রের কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে চট্টগ্রামে অবস্থিত আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রয়েছে। ১৮–১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সহকারী হাইকমিশনের প্রবেশপথে জনতার পাথর নিক্ষেপ ও প্রবেশপথ ভাঙার হুমকি দেওয়ায় কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা ঝুঁকির কারণ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিদর্শনের সময় আইভ্যাক কর্মকর্তারা মধ্যস্বত্বভোগী ও দালালদের কার্যক্রমের বিষয়টি হাইকমিশনারের নজরে আনেন। প্রণয় ভার্মা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি উত্থাপন করার আশ্বাস দেন।


