অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি ব্যস্ত সড়কে জরুরি অবতরণের সময় একটি ছোট উড়োজাহাজ একাধিক গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে। স্থানীয় সময় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একক ইঞ্জিনের প্রশিক্ষণ উড়োজাহাজটি গেইনসভিলের একটি ব্যস্ত সড়কে জরুরি অবতরণ করে এবং অবতরণের পর কয়েকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার পর ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক মোড় বন্ধ করে দেয় জরুরি সেবা সংস্থাগুলো।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, হকার বিচক্রাফট BE-36 মডেলের উড়োজাহাজটি গেইনসভিলের লি গিলমার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ক্যান্টনের চেরোকি কাউন্টি আঞ্চলিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট ইঞ্জিনে সমস্যার সম্মুখীন হন এবং ফিরে আসার চেষ্টা করলেও বিমানবন্দরে পৌঁছানোর মতো শক্তি না থাকায় তিনি সড়কে জরুরি অবতরণে বাধ্য হন।
কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি সড়কে নামার পর তিনটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার সময় বিমানের ডান ডানা একটি গাড়িতে আঘাত করলে জ্বালানি ট্যাঙ্ক আলগা হয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি ব্যস্ত সড়কে নামার পর নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়ির সঙ্গে ধাক্কা খাচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর হতাহতের খবর নেই; বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং এনটিএসবি ঘটনাটি তদন্ত করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


