অনলাইন ডেস্ক

ঢাকা, ১৭ জানুয়ারি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান বিশেষ পরিস্থিতির প্রেক্ষিতে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় বিদ্যমান আহ্বায়ক বা অ্যাডহক কমিটির মেয়াদ বৃদ্ধি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দায়িত্ব পালনরত কমিটিগুলো আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠিয়েছে। আদেশে বলা হয়েছে, জাতীয় নির্বাচন ও বর্তমান বিশেষ পরিস্থিতির কারণে অনেক প্রতিষ্ঠান নতুন কমিটি গঠন বা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না। যাতে প্রশাসনিক শূন্যতা বা অচলাবস্থা তৈরি না হয়, সেই লক্ষ্যেই বিদ্যমান কমিটির মেয়াদ বৃদ্ধি করা হলো।
মন্ত্রণালয়ের অফিস আদেশে স্পষ্ট করা হয়েছে, যারা বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো। সূত্রে জানা গেছে, এই মেয়াদ বৃদ্ধির মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিয়মিত প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হতে পারে।
শিক্ষা বোর্ডগুলোকে এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


