অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ ও মানিক মিয়া এভিনিউসংলগ্ন এলাকায়।
জানাজা শেষে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বলে জানানো হয়েছে।
জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে ঘিরে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
উল্লেখ্য, সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় দেশ-বিদেশের রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


