বাসস

মৌলভীবাজার, ১৮ জুন: মৌলভীবাজার সফরকালে বিএনপির প্রবীণ নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানী-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রব্বানীর বাসভবনে যান এবং তার শারীরিক খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে খালেদা রব্বানী আবেগাপ্লুত হয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-সহ তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন। তিনি বিভিন্ন সময়ের সংরক্ষিত পুরোনো ছবিও প্রধানমন্ত্রীকে দেখান। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হলে প্রধানমন্ত্রী তাকে স্নেহভরে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
পরে প্রধানমন্ত্রী কিছু সময় খালেদা রব্বানীর সঙ্গে কাটান এবং তার চিকিৎসা ও সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খালেদা রব্বানী বিএনপির কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদে মহিলা আসন-২৫ এবং অষ্টম জাতীয় সংসদে মহিলা আসন-১০ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।
স্থানীয় রাজনৈতিক মহলে এই সৌজন্য সাক্ষাৎকে বিএনপির প্রবীণ নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং দলীয় ঐতিহ্যের ধারাবাহিকতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।


