অনলাইন ডেস্ক

দেশে মাত্র দুই দিনের ব্যবধানে চারটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি বেড়ে গেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। এ পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে সরকারকে জরুরি সতর্কতা জারি করতে বলেছেন আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত দুই দিনে হওয়া চারটি ভূমিকম্প প্রমাণ করে নরসিংদী জেলার ওপর দিয়ে প্রসারিত ভূচ্যুতি (ফল্ট লাইন) বর্তমানে “অতি অস্থিতিশীল” অবস্থায় রয়েছে। এ কারণে যেকোনো সময় বড় মাত্রার কম্পন অনুভূত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের সব গ্যাস কূপে চলমান ড্রিলিং কাজ অন্তত ৭২ ঘণ্টা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ভূকম্পন বাড়ার সময় এ ধরনের কার্যক্রম ভূগর্ভের চাপকে আরও অস্থিতিশীল করতে পারে। তাই ঝুঁকি এড়াতে সাময়িকভাবে এসব কাজ বন্ধ রাখা উচিত।
এর আগে গত দুই দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চারটি কম্পন অনুভূত হয়। এর মধ্যে কিছু ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও বাড্ডা অঞ্চল। পরপর একাধিক ভূমিকম্প জনমনে আতঙ্ক তৈরি করেছে।
গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া না গেলেও বারবার কম্পন অনুভূত হওয়া বড় ভূমিকম্পের সম্ভাবনার ইঙ্গিত হতে পারে। তাই সরকার, সংশ্লিষ্ট দপ্তর ও জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।


