অনলাইন প্রতিবেদক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্বব্যাংক-এর একটি প্রতিনিধি দল।
রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে-এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে এবং তারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।
মন্ত্রী আরও বলেন, আগামী চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে প্রদান করা হবে এবং এটি নারীদের জন্য নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।
এ সময় বিশ্বব্যাংকের পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জ্যাঁ পেসমে বলেন, নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড চালু করার উদ্যোগ সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ ফ্যামিলি কার্ড কর্মসূচির টেকসই বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়।


