কর্পোরেট ডেস্ক

বাংলাদেশের অন্যতম শীর্ষ বি-টু-বি মার্কেটপ্লেস ও স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ শনিবার (৭ ফেব্রুয়ারি) তাদের ফাউন্ডেশন ডে উদযাপন করেছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি দেশের রিটেইল খাতে তাদের দীর্ঘ পথচলা, প্রবৃদ্ধি এবং প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরে।
২০১৩ সালে যাত্রা শুরু করা প্রিয়শপ প্রথমে কনজিউমার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করলেও পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ বি-টু-বি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়। এই রূপান্তরের লক্ষ্য ছিল দেশের লাখো ক্ষুদ্র ও মাঝারি রিটেইলারদের ক্ষমতায়ন করা।
প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন বলেন, দেশের কোটি কোটি রিটেইলার প্রতিদিন মানুষের পাশে থাকলেও তারা সহজ সাপ্লাই চেইন, দ্রুত ডেলিভারি এবং ক্রেডিট সুবিধাসহ নানা সেবা থেকে বঞ্চিত ছিল। এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই প্রিয়শপ তৈরি করা হয়েছে, যেখানে ব্র্যান্ড, প্রযুক্তি ও ফাইন্যান্সকে একত্র করে রিটেইলারদের জন্য শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলা হয়েছে।
বর্তমানে প্রিয়শপ দেশের ১৬টি জেলায় ৪০টি হাব এবং ১,৪২৮টির বেশি ডিস্ট্রিবিউশন রুটের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। প্ল্যাটফর্মটির মাধ্যমে প্রায় ২ লাখ রিটেইলার সেবা পাচ্ছেন এবং ২৮০টির বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। প্রায় ১,৬০০ কর্মী প্রতিদিন হাজারো দোকানে পণ্য ও সেবা পৌঁছে দিচ্ছেন।
প্রিয়শপের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হলো রিটেইলারদের জন্য ক্রেডিট সুবিধা। ব্যাংক পার্টনারদের সঙ্গে কাজ করে ইতোমধ্যে ১০ হাজারের বেশি রিটেইলার ক্রেডিট কার্ড ও ঋণ সুবিধা পেয়েছেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করেছে।
আর্থিক সেবার পাশাপাশি প্রতিষ্ঠানটি সাসটেইনেবিলিটি ও পরিবেশবান্ধব কার্যক্রমেও গুরুত্ব দিচ্ছে। দক্ষ ডিস্ট্রিবিউশন ও স্মার্ট অপারেশন ব্যবস্থার মাধ্যমে কার্বন ফুটপ্রিন্ট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রিয়শপ আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি অর্জন করেছে। স্টার্টআপ হুইল ২০২৪, দ্য এশিয়া অ্যাক্সিলারেটর, স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ, এচেলন এশিয়া সামিট ২০২৩ এবং টেক ইন এশিয়ার মতো প্ল্যাটফর্মে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া আইসিটি অ্যাওয়ার্ড নেপাল ২০২৫-এ চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে।
প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও দীপ্তি মন্ডল বলেন, কর্মী, পার্টনার ও রিটেইলারদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি রিটেইলারকে ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে কাজ করবে।
ফাউন্ডেশন ডে উপলক্ষে প্রিয়শপের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র লিডার ও কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে ২০২৫ সালের অর্জন তুলে ধরা হয় এবং ২০২৬ সালের ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করা হয়।


