নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। প্রায় পৌনে দুই ঘণ্টা অবস্থানের পর রাত ৯টা ১০ মিনিটে যমুনা ত্যাগ করেন তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে বের হয়ে নিজ বাসভবনে যান তারেক রহমান। সেখান থেকে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।
উল্লেখ্য, গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথম একান্ত বৈঠক হয়। তখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর তারেক রহমান সপরিবারে দেশে ফেরেন। দেশে ফেরার পর বিমানবন্দরে নেমেই নিরাপত্তা ও সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান তিনি।
গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। পরদিন ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হয়। এরপর ৯ জানুয়ারি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে এ সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


