অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পর বিমানবন্দরে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করার মুহূর্তের নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসময় ভাইরাল হয়েছে একটি পুরোনো ছবি, যেখানে তাকে কুশল বিনিময় করতে দেখা যাচ্ছে প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে।
ছবিটি নিয়ে মুখ খুলেছেন মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি গণমাধ্যমকে বলেন, “ছবিটি অনেক আগের। আমাদের কাছেও এটি আছে। হঠাৎ দেখছি, ছবিটি ফেসবুকে ঘুরছে। সেদিন আসলে মান্না ও তারেক রহমানের সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল। মান্নার কাছ থেকে যতটা শুনেছি, তারেক রহমান তার অভিনয়ের প্রশংসা করেছিলেন। মূলত অভিনয়, দেশ ও শিল্পীদের রাজনীতিতে এসে দেশের সেবার বিষয় নিয়ে কথাবার্তা হয়েছিল।”
শেলী মান্না জানান, ছবিটি সম্ভবত ২০০২ সালের পরের সময়ের। তখন বিএনপি রাষ্ট্রক্ষমতায় ছিল। এটি পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানের ছবি, যেখানে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে মান্না উপস্থিত ছিলেন এবং সেই সময় তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আরও বলেন, “যত দূর মনে পড়ে, মান্না সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন না। অভিনয় নিয়েই ব্যস্ত থাকতেন। হঠাৎ দেখা হয়ে যায়। তারেক রহমান সেদিন খুব আন্তরিকভাবে কথা বলেছেন, মূলত সিনেমা ও রাজনীতি নিয়েই আলোচনা হয়েছিল। আমাদের পরিবার রাজনৈতিকভাবে যুক্ত হলেও ব্যক্তিগতভাবে এসব বিষয়ে আগ্রহ ছিল না।”
উল্লেখ্য, আসলাম তালুকদার মান্না ১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন। উচ্চমাধ্যমিক পাসের পর ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। আজহারুল ইসলাম খানের ‘তওবা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে শুরু হলেও কাজী হায়াত পরিচালিত একের পর এক সফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি ঢালিউডের শীর্ষ নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। জনপ্রিয় এই নায়ক মাত্র ৪৩ বছর বয়সে, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান।
ছবিটি ফের ভাইরাল হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই সেটিকে মনে করিয়ে দিচ্ছেন মান্নার চলচ্চিত্রে অবদানের পাশাপাশি তার ব্যক্তিত্বের উষ্ণতার।


