অনলাইন প্রতিবেদক

দেশের পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এগুলো হলো— বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন।
শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা একই অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতা প্রাপ্য হবেন।


