অনলাইন ডেস্ক

বর্ষবরণের আনন্দময় রাতেই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুটি সাচেত ট্যান্ডন ও পরম্পরা ঠাকুর। নতুন বছরকে স্বাগত জানাতে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আয়োজিত এক কনসার্টে অংশ নিতে গিয়ে উগ্র জনতার তাণ্ডবের শিকার হন তারা। প্রাণে রক্ষা পেলেও শিল্পীদের বহনকারী গাড়িটি মারাত্মকভাবে ভাঙচুর করা হয়।
‘কবীর সিং’ সিনেমার জনপ্রিয় গানখ্যাত এই সংগীতশিল্পী জুটি বর্ষবরণ উপলক্ষে আয়োজিত জমকালো কনসার্টে গান পরিবেশন শেষে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় এ ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত মানুষ শিল্পীদের গাড়ি ঘিরে ধরে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উত্তেজিত জনতা চলন্ত গাড়ির ওপর কিল-ঘুষি মারতে শুরু করে।
ভিডিওতে আরও দেখা যায়, প্রচণ্ড আঘাতে গাড়ির পেছনের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। ভেতর থেকে আতঙ্কিত কণ্ঠে সাচেত ট্যান্ডনকে ‘ওহ শিট’ বলতে শোনা যায়। পাশে বসে থাকা পরম্পরা ঠাকুর জনতাকে শান্ত করার চেষ্টা করে বলেন, “গাইজ, রিল্যাক্স… শান্ত থাকো।” তবে তার আহ্বানেও উন্মত্ত জনতাকে থামানো যায়নি।
হঠাৎ ঘটে যাওয়া এই হামলায় শিল্পীরা মানসিকভাবে বিপর্যস্ত হলেও এখন পর্যন্ত তারা এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা লিখিত বিবৃতি দেননি। তবে ঘটনার পরদিন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে ঘটনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি।
ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পশ্চিমবঙ্গের মতো একটি সাংস্কৃতিক রাজ্যে বলিউডের দুই জনপ্রিয় শিল্পীর ওপর এমন হামলা ভারতের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিল্পীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেয়। তাদের মতে, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন প্রান্তে তারকারা ক্রমেই ‘মব কালচার’-এর শিকার হচ্ছেন।
উল্লেখ্য, এর আগেও একই ধরনের ঘটনার মুখে পড়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কৈলাস খের। কিছুদিন আগে একটি কনসার্টে উন্মত্ত জনতার আচরণের কারণে মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন তিনি। সাচেত–পরম্পরার ঘটনার পর সেই প্রসঙ্গ নতুন করে আলোচনায় এসেছে।


