অনলাইন ডেস্ক

পরিবেশগত চ্যালেঞ্জ কোনো দেশের সীমানায় আটকে থাকে না উল্লেখ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আস্থা, সহযোগিতা ও ধারাবাহিক সংলাপ বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সীমান্ত অতিক্রমকারী পরিবেশ সংকট মোকাবিলায় আঞ্চলিক উদ্যোগগুলোকে আরও কার্যকর করার এখনই সময়।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে দক্ষিণ এশীয় পরিবেশ কর্মসূচি (সেসেপ/SACEP)-এর মহাপরিচালক নরবু ওয়াংচুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব বক্তব্য দেন। বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক পরিবেশ সহযোগিতা জোরদার এবং দক্ষিণ এশিয়ার সাধারণ পরিবেশগত সমস্যাগুলো সমাধানে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
রিজওয়ানা হাসান বলেন, “সীমান্তবর্তী বায়ুদূষণ, নদী অববাহিকা ব্যবস্থাপনা, সীমান্ত অতিক্রমকারী প্লাস্টিক বর্জ্য এবং সুন্দরবনের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশ ব্যবস্থা রক্ষায় যৌথ উদ্যোগ এখন সময়ের দাবি।” তিনি আরও উল্লেখ করেন যে পরিবেশ সংকটের বহুমাত্রিক প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আস্থা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়কে আরও গতিশীল করতে হবে।
তিনি SACEP-এর ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে বলেন, আঞ্চলিক পরিবেশ কূটনীতি জোরদার হলে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যহানি ও দূষণের মতো দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জগুলো মোকাবিলা সহজ হবে।
সৌজন্য সাক্ষাতে SACEP মহাপরিচালক নরবু ওয়াংচুকও আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সংস্থাটির বিভিন্ন চলমান উদ্যোগ তুলে ধরেন এবং বাংলাদেশসহ সদস্য দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং দক্ষিণ এশিয়ার পরিবেশগত নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।


