অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি তার পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাসস’কে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে অ্যাটর্নি জেনারেল তার পদত্যাগপত্রে সই করেছেন। রোববার রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠানো হবে।
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব গ্রহণের আগে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। একই সঙ্গে তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।


