অনলাইন ডেস্ক

লন্ডন, বিবিসি: আফগানিস্তান যুদ্ধে অংশ নেওয়া ন্যাটো সৈন্যদের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি। তিনি বলেছেন, ন্যাটো সেনাদের আত্মত্যাগ নিয়ে “সত্য ও সম্মানের সঙ্গে” কথা বলা উচিত।
শুক্রবার আফগান যুদ্ধে নিহত ৪৫৭ জন ব্রিটিশ ন্যাটো সৈন্যের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রিন্স হ্যারি বলেন, “আমি সেখানে কাজ করেছি। সেখানে আমি আমার আজীবন বন্ধুদের খুঁজে পেয়েছি এবং সেখানে আমি আমার বন্ধুদের হারিয়েছি।”
প্রিন্স হ্যারি স্মরণ করিয়ে দেন, ২০০১ সালে ইতিহাসে প্রথমবারের মতো ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করা হয়েছিল, যার ফলে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে বাধ্য হয়েছিল সব মিত্র দেশ।
তিনি বলেন, “এই যুদ্ধে হাজার হাজার জীবন চিরতরে বদলে গেছে। মা-বাবা ছেলেমেয়েদের কবর দিয়েছেন, সন্তানরা বাবা-মা হারিয়েছে। পরিবারগুলো আজও এর মূল্য বহন করছে।”
তিনি আরও বলেন, “এই ত্যাগের কথা সত্য ও শ্রদ্ধার সঙ্গে বলা উচিত, কারণ আমরা সবাই কূটনীতি ও শান্তির প্রতিরক্ষায় ঐক্যবদ্ধ।”
উল্লেখ্য, প্রিন্স হ্যারি নিজে আফগানিস্তানে দুই দফা দায়িত্ব পালন করেছেন।
এর আগে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, “আমাদের কখনো তাদের (ন্যাটো মিত্রদের) প্রয়োজন হয়নি। আমরা কখনো তাদের কাছ থেকে কিছু চাইনি।”
তিনি আরও বলেন, ন্যাটো মিত্ররা আফগানিস্তানে সৈন্য পাঠালেও তারা “ফ্রন্টলাইন থেকে কিছুটা পিছনে ছিল।”
ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মন্তব্যটিকে “স্পষ্টতই অপমানজনক ও ভয়াবহ” বলে আখ্যা দেন এবং বলেন, ট্রাম্প যদি ভুল কথা বলে থাকেন, তবে তার ক্ষমা চাওয়া উচিত।
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি, যিনি নিজেও আফগানিস্তানে কর্মরত ৩৩ হাজার পোলিশ সেনার একজন ছিলেন, বলেন,
“আমাদের সৈন্যদের সেবাকে উপহাস করার অধিকার কারও নেই।”
কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড জে ম্যাকগিন্টি বলেন,
“কানাডিয়ান নারী-পুরুষ শুরু থেকেই এই যুদ্ধে মাঠে ছিলেন—বাধ্য হয়ে নয়, বরং এটি সঠিক কাজ বলেই।”
তিনি জানান, কান্দাহারে ন্যাটো বাহিনীর নেতৃত্বে কানাডার ১৫৮ জন সৈন্য প্রাণ হারিয়েছেন।
ট্রাম্পের মন্তব্যে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সরকার ও সামরিক নেতারা ন্যাটো সৈন্যদের আত্মত্যাগের প্রতি অবমাননার অভিযোগ তুলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন।
সূত্র: বিবিসি


