অনলাইন ডেস্ক

ঢাকা, মঙ্গলবার : নির্বাচনকে ঘিরে যারা এখনো সন্দেহ ও সংশয় ছড়াচ্ছেন, তাদের সরকার নজরদারিতে রেখেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় তিনটি ইভেন্ট—হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার জানাজা—কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়েছে। এসব আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আত্মবিশ্বাস আরও বেড়েছে। তাই নির্বাচন নিয়ে ভিত্তিহীন সন্দেহ ছড়ানো অর্থহীন।
তিনি জানান, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থায় অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। অনলাইনের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৩৩ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতর থেকে প্রায় ৭ লাখ ভোটার নির্বাচনের দিন সরাসরি ভোট দিতে পারবেন না, কারণ তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন।
প্রেস সচিব আরও বলেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের পক্ষ থেকে জোরালো প্রচারণা চালানো হবে।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রায় সম্পন্ন। যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশের প্রশিক্ষণ ইতোমধ্যেই শেষ হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের নেওয়া পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থার কারণে নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।


